মো. নেজাম উদ্দীন,, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুমোদনবিহীন ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।পরিবেশ অধিদপ্তর জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা, অত্যধিক ধুলো–ধোঁয়া তৈরি, কৃষিজমির ক্ষতি ও পরিবেশ সংরক্ষণ আইনের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।দণ্ডপ্রাপ্ত ইটভাটা তিনটি হলো—মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (KMR), মেসার্স কেবিএম ব্রিকস (KBM), মেসার্স শাহ আমানত ব্রিকস (SAB), সবগুলো ইটভাটার চিমনি ও কিলন ভেঙে ফেলা হয় এবং উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব–৭, আনসার বাহিনী, রাঙ্গুনিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশদূষণকারী ও অনুমোদনবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।