মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৫৫ বিজিবি অভিনব কায়দায় লুকানো ভারতীয় ইস্কফ সিরাপসহ এক যুবককে আটক করেছে।এ সময় পাচারে ব্যবহৃত ২টি এ্যাপাচি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটককৃত মাদক ও যানবাহনের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।বিজিবি সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার বিকেল আনুমানিক ১৮:৩০টায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল উরিষ্যা লাইন এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় দুইটি মোটরসাইকেলকে সন্দেহজনকভাবে দেখতে পায়। সিগন্যাল দিলে দুই আরোহী মোটরসাইকেল ফেলে চা-বাগানের ভেতর পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে হাতেনাতে একজনকে আটক করতে সক্ষম হয়।পরে ফেলে যাওয়া মোটরসাইকেল দুইটি তল্লাশি করে বাইকের বডির ভেতরে ও আসনের নিচে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. জুয়েল মিয়া (৩৫), পিতা— ছুবুর মিয়া, গ্রাম— এক্তিয়ারপুর, ডাকঘর— তেলিয়াপাড়া, থানা— মাধবপুর, জেলা— হবিগঞ্জ।বিজিবি জানায়, আটক ব্যক্তি, মাদকদ্রব্য এবং দুটি মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। এছাড়া সীমান্ত এলাকায় অন্যান্য মাদক ও চোরাচালানচক্রকে দমনে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।