মো. সাব্বির হোসেন, , চিরিরবন্দর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী বটতলা চত্বরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে আজ সন্ধ্যায় এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।শুক্রবার সন্ধ্যা ৬ টায় ঘুঘুরাতলী বটতলা চত্বরে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়। এলাকার তরুণ, প্রবীণ, শিক্ষার্থী, শ্রমজীবীসহ নানাশ্রেণির মানুষ মিছিলটি শান্তিপূর্ণভাবে আয়োজন করে। হামলার ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, মুক্তচিন্তা, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বোধের ওপর আঘাত কখনোই মেনে নেওয়া হবে না।আয়োজক সূত্রে জানা যায়, ন্যায়, সত্য ও সাধারণ মানুষের অধিকারের সুরক্ষায় এই বিক্ষোভ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইনকিলাব মঞ্চের নেতা সোহেল সাজ্জাদ বলেন, “গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করতে বারবার অপচেষ্টা চলছে। কিন্তু জনতার ঐক্য ও সততার শক্তির কাছে এসব ব্যর্থ হবে। আমরা হামলার কঠোর নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”তিনি আরও বলেন, এ ধরনের হামলা গণমানুষের কণ্ঠরোধের নীলনকশা ছাড়া কিছুই নয়। শান্তিপূর্ণ আন্দোলনে ভয় দেখিয়ে ধ্বংস করা যাবে না। জনগণই দেশের শক্তি, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত।বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেন। তারা বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতেই হবে।সংগঠনের পক্ষ থেকে সকল সহযোদ্ধা, তরুণ, সংগঠনের শুভানুধ্যায়ী এবং স্থানীয় জনতাকে ভবিষ্যতেও অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানানো হয়েছে।বিক্ষোভ শেষে হামলার শিকার ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।