মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও সন্ত্রাসীদের পলায়ন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপনসহ নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যাতে সীমান্ত কিংবা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে উদ্দেশ্যে ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, ঘটনার পর থেকে ৫৫ বিজিবির অধীনস্থ ১৬টি বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন পথ ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পাশ্ববর্তী দেশে পলায়ন এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।এদিকে, যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে এলাকাবাসীকে নিকটস্থ বিজিবি বিওপিতে অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।