শাকিল হোসেন | কালিয়াকৈর (গাজীপুর):
শীতল ঘন কুয়াশায় জনজীবন যখন বিপর্যস্ত, তখন শীত নিবারণে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গাজীপুরের কালিয়াকৈরে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।রবিবার (৪ জানুয়ারি) কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, উপজেলায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্য অতিথিরা।উপজেলার বিভিন্ন এলাকার ২০টি মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়।এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, বিতরণকৃত কম্বল যেন প্রকৃতভাবে যাঁরা প্রাপ্য, তাঁদের কাছেই পৌঁছে যায়। সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কম্বল বিতরণের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।