শেরপুর প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে একটি কেমিক্যাল কোম্পানির দায়ের করা চাঁদাবাজি মামলায় এক কলেজ শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সীমাবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেগম নূর নাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক আলী রেজা বিশ্বাস (৫০) এবং বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামের তৌহিদুর রহমান ওরফে বাবু (৪৫)।মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সিয়াম হোসেন জানান, গত ২৭ ফেব্রুয়ারি এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ গোলাম কিবরিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে শেরপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।এজাহারে উল্লেখ করা হয়, গত ২৪ ফেব্রুয়ারি অভিযুক্তরা কোম্পানির সামনে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে বড় ধরনের ক্ষতির হুমকি দেন।তবে মামলার ৫ নম্বর আসামি ফয়সাল বিশ্বাস দাবি করেছেন, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। তার অভিযোগ, এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও মজুমদার প্রোডাক্টস লিমিটেডের বর্জ্যে করতোয়া ও বাঙালি নদীর পানি দূষিত হচ্ছে। এর প্রতিবাদে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রায়গঞ্জ ও শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই আন্দোলন দমাতেই কোম্পানির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে।এদিকে নদী দূষণের অভিযোগ অস্বীকার করেছেন এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আলী রেজা। তিনি বলেন, “আমাদের নিজস্ব বর্জ্য শোধনাগার (ইটিপি) রয়েছে। নদীতে বিষাক্ত বর্জ্য ফেলার অভিযোগ সত্য নয়।”