গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে রাতের আঁধারে ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের নারায়নপুর হাড়িভাঙ্গা বিলে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে পরিচালিত অভিযানের খবর টের পেয়ে সংশ্লিষ্টরা দুটি ভেকু (খননযন্ত্র) ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের কর্মকর্তারা ভেকু দুটির ব্যাটারি জব্দ করেন।অভিযানে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মিলম মিয়া, পিআইও আমিনুর রশীদ, আনসার বাহিনীর সদস্যসহ ইউএনও ও এসিল্যান্ড কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযান প্রসঙ্গে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “ফসলি জমি ও সরকারি রাস্তা রক্ষায় প্রশাসনের এ অভিযান চলমান থাকবে। অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”তবে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানালেও শুধু ব্যাটারি জব্দে সীমাবদ্ধ না থেকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।উপজেলার চাঁচকৈড় এলাকার বাসিন্দা মো. আপেল সরকার ও রানা প্রামাণিক অভিযোগ করে বলেন, শুধু ব্যাটারি জব্দ করলে অবৈধ মাটি ব্যবসা বন্ধ হবে না। উপজেলার ধারাবারিষা, মশিন্দা ও কুমারখালি এলাকাতেও দেদারসে ফসলি জমি কেটে পুকুর খনন করা হচ্ছে। এছাড়া ভারী ড্রাম ট্রাকে মাটি বহনের কারণে সরকারি রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয়দের দাবি, গত বছর প্রশাসনের পক্ষ থেকে ভেকু জব্দ, বড় অঙ্কের জরিমানা ও মামলার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হলেও এবার তেমন দৃশ্যমান শাস্তি দেখা যাচ্ছে না। তাদের মতে, নিয়মিত অভিযান, মোটা অঙ্কের জরিমানা ও মামলা দায়ের করা হলে তবেই অবৈধ পুকুর খনন ও মাটি ব্যবসা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে স্থানীয় কৃষিজমি ও সরকারি অবকাঠামো চরম হুমকির মুখে পড়বে।