নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।রোববার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকদের হাতে উন্নত জাতের শাকসবজির বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি, দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উন্নতমানের বীজ ও সার বিনামূল্যে সরবরাহের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।বক্তারা আরও বলেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।