ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

তালতলীতে জেলেদের ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে মানববন্ধন

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন ইউপি সদস্য ও স্থানীয় এলাকাবাসী।শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক জেলে ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় মানবিক কর্মসূচির আওতায় ইউনিয়নের ৮৩৬ জন জেলে কার্ডধারীর জন্য মাসে জনপ্রতি ৪০ কেজি হারে মোট ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।তাদের অভিযোগ, বরাদ্দকৃত চাল উত্তোলনের পর ৭৬৫ জন জেলের মধ্যে ৬১ টন ২০০ কেজি চাল বিতরণ করা হলেও অবশিষ্ট ৭১টি কার্ডের বিপরীতে ৫ টন ৬৮০ কেজি চাল আত্মসাৎ করা হয়েছে।এ ঘটনায় অন্যান্য ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্যানেল চেয়ারম্যানকে অপসারণ এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।এ সময় বক্তব্য দেন ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার, খলিলুর রহমান মোল্লা, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ মজুমদার, ফয়সাল সিকদারসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।

তালতলীতে জেলেদের ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে মানববন্ধন