সাতকানিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি জাহিদ গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্থানীয় অস্ত্র ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র (কিরিচ, দা ও ছুরি) উদ্ধার করা হয়।সেনাবাহিনী সূত্রে জানা যায়, পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মো. ফারহান ফুয়াদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।অভিযানকালে বাজালিয়া আর্মি ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি, ওয়ারেন্ট অফিসার মো. ফজলুল হকসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি জানান, গ্রেপ্তার পিচ্চি জাহিদকে উদ্ধারকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, জাহিদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র ও দুটি মাদক মামলা রয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।