২০১৯ সালে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ফরিদপুরের কয়েকজন তরুণ শুরু করেছিলেন ছোট্ট উদ্যোগ। ছয় বছর পর সেই উদ্যোগ পরিণত হয়েছে শক্তিশালী মানবিক সংগঠন ‘মানবিক সংগঠন সদরপুর’ এ, যা ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দুর্যোগে সহায়তায় এলাকার জন্য এক বিশ্বস্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় শুক্রবার সকালেই সদরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিসিআইসি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান। তিনি বলেন, “সমাজ পরিবর্তনে এমন সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ছয় বছরে সংগঠনটি যে দৃশ্যমান কাজ করেছে, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ইসহাক মিয়া, সদরপুর সরকারি কলেজের প্রভাষক ও উপদেষ্টা মো. হাসিবুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন।বার্ষিকী অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সদরপুরের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং অতিথিদেরও সম্মাননা দেওয়া হয়।বক্তারা মানবিক সংগঠন সদরপুরের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক উন্নয়নে তরুণদের অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী ও সম্মাননা স্মারক তুলে দেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই ছোট্ট উদ্যোগ আজ হয়ে উঠেছে বড় মানবিক প্ল্যাটফর্মে। ছয় বছরের বিশ্বাস ও ভালোবাসাই তাদের এগিয়ে চলার শক্তি হিসেবে কাজ করছে।