শিবচরে জমি বিরোধে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—ওই গ্রামের নুরুউদ্দিন মোল্লা (৬৫), তার স্ত্রী পারভীন আক্তার (৫৫) এবং ছেলে শাহাদাৎ মোল্লা (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়, নুরুউদ্দিন মোল্লার সঙ্গে প্রতিবেশী সায়েদ মাঝির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন নুরুউদ্দিন মোল্লা বিতর্কিত জমিতে চাষাবাদের জন্য গেলে সায়েদ মাঝি বাধা দেয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে সায়েদ মাঝি লোকজন নিয়ে নুরুউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে আসা নুরুউদ্দিনের স্ত্রী এবং ছেলেকেও কুপিয়ে জখম করা হয়।তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।