কালাইয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত ৪
জয়পুরহাটের কালাই উপজেলার চাকলমুয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারী, তার পুত্রবধূ, ছেলে ও নাতি গুরুতর আহত হয়েছেন। আহতদের বর্তমানে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।ভুক্তভোগী মোঃ আফজাল হোসেন (৫৮) থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে একই গ্রামের মোঃ কহিনুর ইসলাম (৪৮), মোঃ শরিফুল ইসলাম (৩০) ও মোছাঃ রাশেদা বেগম (৪৫)-এর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রসহ লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তার বাড়িতে প্রবেশ করে।অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা প্রথমে আফজালের স্ত্রী মোছাঃ শাহেনা বেগম (৫৫) ও পুত্রবধূ মোছাঃ মহসিনা বেগম (৩২)-কে গালিগালাজ করে। পুত্রবধূকে কিল-ঘুষি মারার পাশাপাশি লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময় মহসিনা বেগমের গলায় থাকা প্রায় ১ ভরি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ২ লাখ টাকা) ছিনিয়ে নেওয়া হয়।এরপর বিকাল ৪টা ৫০ মিনিটে আফজালের ছেলে মোঃ মিলন হোসেন (৩৮) ও নাতি মোঃ মেহেদী হাসান (১৬) বাড়ি ফেরার পথে হামলাকারীরা তাদের পথরোধ করে বেধড়ক মারধর করে। মিলনের পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন,“ঘটনার মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”ভুক্তভোগী আফজাল হোসেন অভিযোগ করেন,“বিবাদীরা পূর্ব শত্রুতার কারণে আমাদের পরিবারকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করেছে। আমরা বিচার ও নিরাপত্তা চাই।”