ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬
খোলা বার্তা

পার্বতীপুরে ছাড়পত্রহীন দুই স্টোন ক্রাশারের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কার্যক্রম বন্ধ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দিনাজপুরের পার্বতীপুরে দুটি পাথর ভাঙা মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা ও কার্যক্রম বন্ধের ব্যবস্থা নিয়েছে।সোমবার (২৭ এপ্রিল ২০২৬) পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া ও খোট্টারডাঙ্গা এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।জানা যায়, মধ্যপাড়ায় আল-আমিনের পাথর ভাঙা মেশিন এবং জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ‘মধ্যপাড়া স্টোন ক্রাশার লি.’ পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অগ্রহণযোগ্য স্থানে স্থাপন করে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। এ বিষয়ে গত ২০ নভেম্বর ২০২৫ পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে শুনানি শেষে প্রতিষ্ঠান দুটি বন্ধ রেখে এক মাসের মধ্যে পরিবেশসম্মত স্থানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। তবে মালিকপক্ষ নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালু রাখে।পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের নির্দেশে অভিযানে জাহাঙ্গীর আলমের স্টোন ক্রাশার প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে আল-আমিনের পাথর ভাঙা মেশিন থেকে একটি মেশিন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।অভিযানে নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজু। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী। অভিযানে সহযোগিতা করে পার্বতীপুর মডেল থানা পুলিশ ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদস্যরা।দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা জানান, পরিবেশ সুরক্ষায় জেলার অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পার্বতীপুরে ছাড়পত্রহীন দুই স্টোন ক্রাশারের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কার্যক্রম বন্ধ