শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ এবং তাদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মির্জা আব্দুস সামাদ।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা আব্দুস সামাদ বলেন, ‘শিক্ষকেরা জাতির মেরুদণ্ড। জাতির মেরুদণ্ড যদি শক্তিশালী থাকে, তাহলে দেশও এগিয়ে যাবে। তাই শিক্ষকদের ন্যায্য দাবি ও অধিকার পূরণ করা প্রয়োজন। তারা ভালো থাকলে, দেশও ভালো থাকবে।’
তিনি বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে। কিন্তু সে তুলনায় শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়েনি। দীর্ঘদিন ধরে শিক্ষকরা যে বেতন-ভাতা পাচ্ছেন, তা দিয়ে বর্তমান বাজারে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন। তাই দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
মির্জা আব্দুস সামাদ আরও বলেন, ‘আজ যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি কিংবা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তাদের প্রত্যেকের পেছনে কোনো না কোনো শিক্ষকের অবদান রয়েছে। শিক্ষকরাই একটি শিক্ষিত ও সচেতন জাতি গঠনের মূল কারিগর। তাই তাদের অবহেলা করার সুযোগ নেই।’
তিনি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবির প্রতিও সমর্থন জানিয়ে বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা গেলে তারা আরও মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারবেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের এডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন