ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

কালীবাড়ী গোবিন্দ বাড়ী মন্দিরে মহানামযজ্ঞে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জের প্রায় ২০০ বছরের প্রাচীন শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে আয়োজিত ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় মহানামযজ্ঞের আয়োজক ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন।এ সময় উপস্থিত ছিলেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস, কার্যকরী সহ-সভাপতি বীরেন বিশ্বাস, সহ-সভাপতি ডা. উৎপল দাস ও মলয় গুহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ মণ্ডল স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান এবং পৌর জাসাসের সভাপতি মো. সাইফুল ইসলাম।এ সময় মির্জা মোস্তফা জামান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাস করার অধিকার রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। বিএনপি সবসময় মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করে।”তিনি আরও বলেন, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করে। মহানামযজ্ঞের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠিত হোক—এটাই তাঁর প্রত্যাশা।

কালীবাড়ী গোবিন্দ বাড়ী মন্দিরে মহানামযজ্ঞে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান