ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

শিবগঞ্জে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হয়েছেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটে ফিরছিলেন। গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম হঠাৎ গাড়িটির সামনে চলে আসেন। এতে গাড়ির ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটোকলের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী পুলিশ প্রটোকলের অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।অন্যদিকে, গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামানও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবগঞ্জে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু